কায়সার হাসনাতের ছোট ভাই ও সানজিদ হাসনাতকে আটক কেন ?
সোনারগাঁও দর্পণ :
নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কায়সার হাসনাতের ছোট ভাই ও সানজিদ হাসনাতকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ছোট অর্জুন্দী এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, সানজিদ হাসনাতকে আটকের পর জিজ্ঞাসাবাদের জন্য ডিবি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তবে কোন অভিযোগে বা কোন মামলার পরিপ্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে কি-না তা জানায়নি পুলিশ।
তবে, নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী সানজিদের আটকের বিষয়ে বলেন, সোনারগাঁও থানায় দায়ের করা একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলার তদন্তে সানজিদ হাসনাতের সম্পৃক্ততা পাওয়া গেছে। সেই মামলায় তাকে তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানাগেছে, আটককৃত সানজিদ হাসনাত নারায়ণগঞ্জ -৩ আসনের একাধিকবারের নির্বাচিত সাংসদ আব্দুল্লাহ আল কায়সারের ছোট ভাই হলেও তাকে কখনও তার ভাইয়ের সাথে রাজনৈতিক মাঠে দেখা যায়নি বা উপজেলা আওয়ামী লীগের কোন সদস্য পদেও নেই। এছাড়া তার ভাই সাবেক এমপি কায়সার হাসনাত বা তাদের প্রভাবশালী রাজনৈতিক পরিবারের প্রভাব দেখিয়ে কোন অনৈতিক কাজও করেনি। ফলে সানজিদকে বিনা কারনে ও অভিযোগে আটক করায় স্থানীয়ভাবে ও রাজনৈতিক অঙ্গনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন উঠার পাশাপাশি একধরনের চাপা আতঙ্ক বিরাজ করছে।
সানজিদ হাসনাতকে বিনা কারনে গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, উপজেলা আওয়ামী লীগের ১ নং নির্বাহী সদস্য এবং সোনারগাঁও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহফুজুর রহমান কালামসহ অনেকে।



