সোনারগাঁও দর্পণ :
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অন্যের জমি জোরপূর্বক দখল করে খেলার মাঠ তৈরি অভিযোগ পাওয়া গেছে। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঘটনাটি ঘটেছে।
এ বিষয়ে আদালতে একটি পিটিশন মামলা (মামলা নং- ৬৪০/২০২৬) করা হয়েছে।
অভিযোগে জানা যায়, সেনারগাঁও উপজেলার পানাম গাবতলী এলাকায় মাকছুদা হোসেন এবং আল আমিন ও ইস্রাফিল গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল।
এ বিরোধ বিষয়ে নারায়ণগঞ্জ বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে কিছুদিন আগে সোনারগাঁও থানার এসআই সোমেল হোসেন উভয় পক্ষকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ১৪৫ ধারা মোতাবেক নোটিশ জারি করেন। নোটিশে নালিশী সম্পত্তিতে উভয় পক্ষ নিজ নিজ অবস্থানে বহাল থাকবেন এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে যেন দখলের চেষ্টা না করে তা স্পষ্ট উল্লেখ করেন। কেউ শান্তি-শৃঙ্খলা ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন।
এছাড়া আগামী ১৩ জানুয়ারী উভয় পক্ষকে স্বস্ব জমির মালিকানার দলিলপত্রসহ আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়।
এদিকে, আদালতের দেওয়া নিষেধাজ্ঞা ও নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অভিযুক্তরা জোরপূর্বক উক্ত জমি দখল করে নিয়েছেন এবং সেখানে খেলার মাঠের জন্য মঞ্চ তৈরি করেছেন বলে অভিযোগ উঠেছে।
ফলে, এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে।
নালিশী সম্পত্তির বিবরণীতে দেখা যায়, সোনারগাঁও থানার পানাম গাবতলী মৌজার এস.এ ৯৫, ৭৮ ও ৯২ নং খতিয়ান এবং আর.এস নং-১১৪ খতিয়ানের সি.এস ও এস.এ দাগ-৪৭ এবং আর.এস ৯৫ নং দাগে ১৭ শতাংশ জমি নিয়ে এই বিরোধের সূত্রপাত। বাদী মাকসুদা হোসেন এ বিষয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এবং আদালতের আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Post a Comment