সোনারগাঁওয়ে সাংবাদিককে হুমকি, সাংবাদিকতা মেপে দেখতে চান মামুন শিকদার
সোনারগাঁও দর্পণ :
সংবাদ প্রকাশ করায় স্থানীয় সিনিয়র সাংবাদিক জহিরুল ইসলাম সিরাজকে মেপে দেখার পাশাপাশি হত্যার হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় ব্যবসায়ী মামুন শিকদারের বিরুদ্ধে। মঙ্গলবার (১ লা সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে স্থানীয় একটি রেষ্টুরেন্টে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান "দ্যা নিউ নেশন" পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি সাংবাদিক জহিরুল ইসলাম সিরাজ।
সংবাদ সম্মেলনে সিরাজুল ইসলাম সিরাজ অভিযোগ করেন, সম্প্রতি সোনারগাঁওয়ের শপিংমল "আল মদিনা" শপিং মলের মালিক মাজহারুল ইসলাম একটি সংবাদ সম্মেলন করেন। ওই সংবাদ সম্মেলনটি সিরাজ পেশাগত দায়িত্ব থেকে প্রকাশ করেন। আর সেই সংবাদ প্রকাশ করায় সাংবাদিক সিরাজ কতো বড় সাংবাদিক হয়েছে, তা মেপে দেখবে এবং তাকে হামলা, মামলাসহ হত্যার হুমকি দেয় মামুন শিকদার।
সাংবাদিক সিরাজ আরও জানায়, মামুন শিকদার কলাপাতা রেষ্টুরেন্ট, মিষ্টি ও বেকারী নামে খাদ্যপ্রস্তুত ও বিপনন প্রতিষ্ঠান পরিচালনা করেন। যে প্রতিষ্ঠানগুলো তিতাসের কতিপয় অসাধু কর্মকর্তা - কর্মচারীদের সাথে আঁতাত করে দীর্ঘ দিন ধরে অবৈধ গ্যাস দ্বারা পরিচালনা করে আসছে। এছাড়া, বেশ কয়েকমাস আগে মামুন শিকদার তার অন্যান্য ভাইদের নিয়ে অপর বড় ভাই মোমেন শিকদারের ওপর হামলা করে ও পিটিয়ে মারাত্মকভাবে আহত করে। সে সংবাদটি গণমাধ্যমে প্রকাশ করার পর থেকে মামুন শিকদার বিভিন্ন সময় সিরাজের ওপর ক্ষিপ্তভাব প্রকাশ করে আসছে।
তবে সম্প্রতি সময়ের ঘটনা কোন ব্যক্তিগত ক্ষোভ নয়, এ হুমকি স্বাধীন সাংবাদিকতায় মত প্রকাশের অন্যতম বড় হুমকি বলে উল্লেখ করে ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থার দাবি জানান সাংবাদিক সিরাজ।
