সোনারগাঁও দর্পণ :
নারায়ণগঞ্জ -৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের সাংসদ আজহারুল ইসলাম মান্নানের ছেলে ও জেলা যুবদলের সাবেক কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহবায়ক খায়রুল ইসলাম সজিবকে আপাতত মুক্তি দিয়েছে ডিএমপি ডিবি। সারারাত ডিবি কার্যালয়ে রাখার পর তার এক ঘনিষ্ট স্বজনের জিম্মায় তাকে সোমবার (২২ জুন) সকালে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি সূত্র জানায়, সজিবের বিরুদ্ধে দেশের একটি গ্রুপ অব কোম্পানীতে দাবি করা চাঁদা না পেয়ে ওই কোম্পানীর পণ্যের গাড়ি আটকে রাখাসহ ঢাকা ও নারায়ণগঞ্জে চাঁদাবাজির বেশ কয়েকটি সুনির্দিষ্ট অভিযোগ ছিল। সে সকল অভিযোগে ভিত্তিতে গতকাল (রবিবার) সন্ধ্যায় তাকে ডিএমপি ডিবিতে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়। আজ সকালে তার এক ঘনিষ্ট আত্মীয়ের জিম্মায় মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
ডিএমপির অপর একটি সূত্র জানায়, সজিবকে সকালে নয়, রাতেই ছেড়ে দেওয়া হয়েছে।
এরআগে রোববার পুলিশ সদর দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলামের ছেলে খাইরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য নারায়ণগঞ্জ ডিবি পুলিশ কার্যালয়ে আনে। পরে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে মিন্টো রোড ডিএমপির ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
এমন খবরের পর জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, “নানা অনিয়মে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খায়রুল ইসলাম সজিবকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। তার কোন অপকর্মের দায় দল নিবেনা।
সজিবের বাবা আজহারুল ইসলাম মান্নান নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিগঞ্জ) আসনের বিএনপি দলীয় এমপি এবং থানা বিএনপির সভাপতি।
এরআগে, রবিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ডিএমপি ডিবির সহায়তায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার নিজ বাড়ি থেকে দুপুরে আটক করা হয়। সেখান থেকে বিকাল সাড়ে ৫টার দিকে নারায়ণগঞ্জ জেলা পুলিশের হেফাজতে আনা হয়। পরে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ডিএমডি ডিবি তাকে পূণরায় ডিএমপিতে নিয়ে যায়।

Post a Comment