সোনারগাঁওয়ে মাসব্যাপী লোকজ উৎসব পহেলা জানুয়ারী
সোনারগাঁও দর্পণ :
অনুষ্ঠিত হয়েছে লোক ও কারুশিল্পের সংগ্রহ, সংরক্ষণ, প্রদর্শন, বিপনন, উন্নয়ন এবং "জয়নুল জন্মোৎসব ও লোকজ উৎসব -২০২৭" আয়োজনের লক্ষ্যে অংশীজন সভা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকালে ফাউন্ডেশনের প্রশাসনিক কার্যালয়ের দোতলায় সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে অংশীজন সভায় উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল- মামুন,
ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের সদস্য, কারুশিল্প ডিজাইনার ও বিশেষজ্ঞ চন্দ্র শেখর সাহা, সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক, সোনারগাঁও টুরিস্ট পুলিশের ইনচার্জ মাহবুব হোসেন।
এছাড়াও ফাউন্ডেশনের কর্মকর্তা, কারুশিল্পী ও কারুশিল্পী সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, সোনারগাঁও দর্পণ এর সম্পাদক এবং পরিবেশ রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক, সোনারগাঁও ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নতত্ত্ব সংরক্ষণ কমিটির বিভিন্ন সদস্যসহ বিভিন্ন অংশীজনরা উপস্থিত ছিলেন।
সভায় আলোচ্যসূচীতে মাসব্যাপী লোকজ উৎসব উদ্বোধনের সম্ভাব্য তারিখ আগামী পহেলা জানুয়ারী নির্ধারণ করা হয়েছে।
ফাউন্ডেশনের পরিচালক জানান, মাসব্যাপী লোকজ উৎসবের কথা বিবেচনায় রেখে যাদুঘরের ১নং গেইটের সামনে থেকে মহাসড়ক পর্যন্ত সড়কটি সংস্কারের যে কার্যক্রম সম্প্রতি শুরু হয়েছে তা মেলা শুরুর আগে শেষ করতে ঠিকাদারকে বিশেষ নির্দেশনা দেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট প্রশাসনকে কাজে নজরদারি বাড়ানো, মুল ফটকের সামনে থেকে অযাচিত বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার বিলবোর্ড অপসারণ, মেলায় আসা পর্যটক ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চত করা, ইভটেজার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ নজরদারি, কারুশিল্পীদের নতুন নতুন পণ্য উৎপাদন নিশ্চিতকরণ, উৎসব চলাকালীন অবহেলিত কারুপল্লী নজরে আনতে সাজসজ্জা প্রধান ফটক থেকে কারুপল্লী পর্যন্ত সম্প্রসারণ, দর্শনার্থীদের জন্য কারুল্পীদের হাতে তৈরি পণ্য নিশ্চিত করা, ফাউন্ডেশনের বাহিরে গাড়ি পার্কংয়ের জায়গায় অবৈধভাবে গড়ে উঠা বিভিন্ন চায়না পণ্যের দোকান উচ্ছেদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।













