সোনারগাঁও দর্পণ :
সোনারগাঁওয়ে ৫০ পিস ইয়াবাসহ আটকের পর হাতকড়াসহ পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ী রাজু মিয়াকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানাধীন তালতলা পুলিশ ফাঁড়ির সদস্যরা।
এ সময় হাতকড়াসহ পালিয়ে যেতে সহায়তা করায় গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ীর ভাই আক্তার হোসেনকেও আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দিবাগত রাতে উপজেলার জামপুর ইউনিয়নের কোবাগা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
থানা সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জামপুর ইউনিয়নের কোবাগা এলাকায় অভিযান চালায়।
এ সময় ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি রাজু মিয়াকে আটক করে পুলিশ। পরে তাকে হাতে হাতকড়া পরিয়ে তালতলা পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়ার সময় রাজুর পরিবারের সদস্য ও স্থানীয় কিছু লোক তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সে সময় অভিযুক্ত আটক রাজু সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাসির উদ্দীনের হাতে কামড় দিয়ে হাতকড়াসহ পালিয়ে যায়।
ঘটনার পর পুলিশ রাজুকে ধরতে অভিযান তৎপরতা জোরদার করলে ওই দিনই (বৃহস্পতিবার) রাত সাড়ে ১১টার দিকে তার নিজ বাড়ি থেকে হাতকড়াসহ রাজুকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। একই সময় মাদক কারবারে ও আসামি পালিয়ে যেতে সহযোগিতা করার অভিযোগে তার বড় ভাই আক্তার হোসেনকেও আটক করা হয়।
তালতলা বাজার তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. জসিম উদ্দিন জানান, হাতকড়াসহ পালিয়ে যাওয়া মাদক কারবারিকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া মাদক কারবারে ও পুলিশকে আক্রমণ করে পালিয়ে যেতে সহযোগিতা করার অপরাধে তার ভাইকেও আইনের আওতায় আনা হয়েছে।
সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে গ্রেপ্তারকৃত দুই ভাইকে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Post a Comment