সোনারগাঁও দর্পণ :
সোনারগাঁও থানায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল করেছে স্থানীয় থানা পুলিশ।
বৃহস্পতিবার (১২ মার্চ) সোনারগাঁও থানার পুরাতন থানা ভবন প্রাঙ্গণে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজের অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূল করা সহজ হয়। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন বক্তারা।
সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিববুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিব। এছাড়াও স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিশিষ্ট সুধীজন অনুষ্ঠানে অংশ নেন।
ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপস্থিত গণমাধ্যমকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা একসঙ্গে ইফতারে অংশ নেন।
অনুষ্ঠানে সোনারগাঁওয়ের বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক সংবাদপত্রের প্রতিনিধি এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Post a Comment