সোনারগাঁও দর্পণ :
আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। প্রতিষ্ঠার ৭৭ বছর শেষ করে ৭৮ বছরে পদার্পণ করবে দেশের সবচেয়ে প্রাচীন এ রাজনৈতিক সংগঠনটি। তবে, ২০২৪ সালের ৫ আগষ্ট দেশের তৎকালীণ প্রধানমন্ত্রী ও দলটির সভাপতির দেশত্যাগের পর অন্তবর্তীকালীণ সরকার এবং তারও পরে বর্তমান বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পর আওয়ামী লীগ ও এর সকল সহযোগি অঙ্গসংগঠনগুলোকে নিষিদ্ধ করায় সংগঠনটির নেতাকর্মীরা ছন্নছাড়া। বড় ও মাঝারি শ্রেণির নেতাদের সিংহভাগ দেশের বাইরে অবস্থান করলেও তৃণমুল এবং অন্যান্য নেতাকর্মীরা কোনঠাঁসা অবস্থায় পালিয়ে বেড়াচ্ছেন দেশের বিভিন্নস্থানে।
এরমধ্যে, পাশ^বর্তী দেশ ভারতে থেকে নিষিদ্ধ সংগঠনটির সভাপতি কিছু দিন পরপর নেতাকর্মীদের চাঙ্গা করে রাখতে আবারও দেশে ফেরার ঘোষণাসহ নানা বক্তব্যে অনেকটা আতঙ্ক আর ভয় কাজ করছে কোন কোন রাজনৈতিক অঙ্গনে।
এদিকে, ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সারাদেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতির 'অবনতির' আশঙ্কায় সারাদেশে পুলিশ সদস্যদের 'প্রয়োজনীয় সতর্কতার' পাশাপাশি 'নিরাপত্তামূলক ব্যবস্থা' নিতে নির্দেশনাও দিয়েছে পুলিশ সদর দপ্তর।
গত বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের 'গোপনীয়' একটি চিঠিতে বলা হয়েছে, আগামী ২৩শে জুন 'নিষিদ্ধ সংগঠন' আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন এবং প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার নিয়ে প্রকাশ্যে মিছিল হতে পারে। এমন পরিস্থিতিতে, দেশের সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও রেঞ্জ ডিআইজি বরাবর পাঠানো ওই বার্তায় প্রতিষ্ঠাবার্ষিকীতে দলটির 'সম্ভাব্য কর্মকাণ্ড মূল্যায়ন' করার কথা বলা হয়েছে।
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে কোনো হুমকি রয়েছে কি-না, শনিবার একটি সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এমন প্রশ্নের জবাবে বলেছেন, "২৩শে জুনকে টার্গেট করে সন্ত্রাসবিরোধী আইনের অধীনে একটি কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল দেশে বিশৃঙ্খলা ও অস্থিরতা সৃষ্টির চেষ্টা করতে পারে, সেজন্য পুলিশকে সতর্ক করা হয়েছে।
এরপর থেকে পুলিশ সারাদেশে বিশেষ অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দিনভর অভিযান চালিয়েছে থানা পুলিশ। গ্রেফতার করা হয়েছে, যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে।
গ্রেপ্তারকৃতরা হলেন পিরোজপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী শাকিল আহমেদ আয়ান এবং সোনারগাঁও পৌর যুবলীগের যুগ্ম সম্পাদক আব্দুস সালাম।
শুক্রবার (১৯ জুন) রাতে উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে নয়াগাঁও গ্রামের খোরশেদ আলমের ছেলে শাকিল আহমেদ আয়ানকে।
অপরদিকে, শনিবার (২০ জুন) দুপুরে মোগরাপাড়া চৌরাস্তা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে, পৌরসভার নোয়াইল গ্রামের আব্দুস সাত্তারের ছেলে ও সোনারগাঁও পৌর যুবলীগের যুগ্ম সম্পাদক আব্দুস সালামকে।
আয়ান ও সালামকে গ্রেফতারের খবর স্থানীয় সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়ার পর দিনভর আতঙ্কে দিন পার করেছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ দলটির বিভিন্ন নেতাকর্মীদের।
এমনকি রাতের বিভিন্ন সময় অভিযান হওয়ার আশঙ্কায় অনেকে বাড়ি ছেড়ে আত্মগোপনে চলে গেছেন বলে বিভিন্ন সূত্রে খবর আছে।
এদিকে, নিজ দলের যে সকল নেতাকর্মীদের বিরুদ্ধে কোন মামলা নেই, তেমন নেতাকর্মীদেরকেও কোন মামলা ছাড়াই বেআইনি ভাবে ধরপাকর চালানো হচ্ছে বলে দাবি করেছেন নারায়ণঞ্জ-৩ সোনারগাঁও আসনের সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার হাসনাত।
আত্মগোপনে থাকা এ নেতা রাত ১০টার দিকে তার ভ্যারিফাইড ফেসবুক পেজে এ দাবি করেন। তিনি লিখেন, আগামী ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় কোন মামলা ছাড়াই বে-আইনি ভাবে ধরপাকর চালাচ্ছে সরকার।
আপনারা দেখেছেন কয়েকদিনের ভিতর কোন মামলা ছাড়া বেআইনি ভাবে অনেক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে, আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এ সময় তিনি সোনারগাঁওয়ের তৃনমুল থেকে শুরু করে সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে একটু বেশি সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করেন।

Post a Comment