মঙ্গলবার মোগরাপাড়া চৌরাস্তায় উচ্ছেদ অভিযান হবে
মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ১১টার মধ্যে সোনারগাঁও উপজেলার প্রাণকেন্দ্রখ্যাত মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অবৈধ উচ্ছেদ অভিযান চলবে বলে ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
সোমবার (০২ মার্চ) সকালে সোনারগাঁও উপজেলায় অনুষ্ঠিত মোগরাপাড়া ইউনিয়ন নিয়ে “ বিশেষ আইনশৃঙ্খলা কমিটির সভা” য় তিনি এ ঘোষণা দেন।
সভা চলাকালেই নারায়ণগঞ্জ সড়ক ও জনপদ এর নির্বাহী প্রকৌশলীকে মঙ্গলবার (০৩ মার্চ ) সকাল ১০টা থেকে বেলা ১১টার মধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্দেশ্যে লোকবল এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে চৌরাস্তা এলাকায় উপস্থিত থাকার নির্দেশ দেন তিনি।
নারায়ণগঞ্জ সওজ এর নির্বাহীকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, আপনি শুধু আপনার জায়গা কতটুকু তা নির্ধারণ করে উচ্ছেদ করে দি্য়ে যাবেন। তারপর কিভাবে যানজট নিরসন করতে হবে সেইটা আমি দেখব। মহাসড়ক বা কোন পরিবহন স্ট্যান্ডে কোন চাঁদাবাজি হবেনা, এটা প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ। সেক্ষেত্রে অবশ্যই সাধারণ ব্যবসায়ীদের স্বার্থ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়টি নিশ্চিত করে চৌরাস্তায় দীর্ঘদিনের যানজট নিরসনে কার্যকর ব্যবস্থা নিবেন বলে জানান।
এ সময় সাংসদ মান্নান তার পিরোজপুর ইউনিয়নে কে কে মাদক বিক্রি করে তা সবই জানেন উল্লেখ করে মোগরাপাড়া ইউনিয়নের কোন ওয়ার্ডের কোন গ্রামে কারা মাদক বিক্রি করে তার একটি পূর্ণাঙ্গ তালিকা আগামী দুই দিনের মধ্যে দেওয়ার জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে নির্দেশ দেন।
সভায় মান্নান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনভোগান্তি কমাতে প্রশাসনকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিন্নাতের সভাপতিত্বে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মহিবুল্লাহ, সোনারগাঁও থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিবসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
